মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কারখানায় কর্মবিরতির পর রাতে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এ সময় শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নিউজ গার্মেন্টসের চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকরা বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে রাখে। দুপুরের খাবারের বিরতির পর কারখানাটির অন্য শ্রমিকরাও কর্মবিরতিতে যোগ দিয়ে দিনভর কর্মবিরতি পালন করে।
অন্যদিকে একই দাবিতে পার্শ্ববর্তী নিট এশিয়া কারখানার শ্রমিকরাও দুপুরের পর কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেয়। এতে করে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।

পরে সন্ধ্যায় কারখানাগুলোর ছুটির সময় শ্রমিকদের একটি অংশ দলবদ্ধ হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থিত অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে জড়ো হয়ে ওই কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসার আহ্বান জানায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা কারখানাটির প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।
এ সময় কারখানা কর্তৃপক্ষ নিজস্ব পানির লাইন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনন্ত গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।