পুলিশের হাত থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিনতাই

ফন্ট সাইজ:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে এবং একই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। সে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে। পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে। হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সে। গতকাল সন্ধ্যার পর পুলিশের একটি দল তাকে রামচরণ বাজার থেকে গ্রেপ্তার করলে একদল দুর্বৃত্ত পুলিশকে ঘেরাও করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে নিজাম উদ্দিনকে ছিনিয়ে নেয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে এ সুযোগ কাজে লাগিয়ে সে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।