ফেনীতে ফের নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল

ফেনীতে ফের নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল

ফন্ট সাইজ:

ফেনীতে সপ্তাহের ব্যবধানে আবারো প্রকাশ্যে শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে ফেনী পৌর শহরের ট্রাঙ্ক রোডের খাজা আহম্মেদ লেক এলাকায় মিছিল করে ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ। এ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজির ছবি সংবলিত ব্যানারে ফেনী পৌর আওয়ামী লীগের আয়োজনে স্বাগত মিছিল। এ সময় নানামুখী স্লোগান দেন বিক্ষোভকারীরা। এর আগে বিক্ষোভে অংশ নেয়ারা মুখোশ ব্যবহার করলেও শুক্রবারের মিছিলে বেশির ভাগের চেহারা ছিল দৃশ্যমান।
এর আগে, গত ২২শে অক্টোবর একই এলাকায় মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ভিডিও প্রচার হলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। অবশ্য অভিযোগ উঠে মিছিলের আগের রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হলেও মিছিলে অংশ নেয়ার অভিযোগ তোলে পুলিশ। এদিকে বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম যোগদানের পর থেকে প্রতি সপ্তাহে মিছিল বের করে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠন। এ নিয়ে ক্ষোভ জানান ফেনী পৌর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা।