টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল ও ফ্যান চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্ত সাহেদ ডুমুরিয়া ইউনিয়নের ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। এর আগে চুরির ঘটনায় কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭শে অক্টোবর দাপ্তরিক কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে যান অধ্যক্ষ হাবিবুর।

পরবর্তীতে পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে জানান যে, সাহেদ ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যায়। কলেজের অধ্যক্ষ হাবিবুর বলেন, পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল ও ফ্যান চুরির সত্যতা পেয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করি। পরে তার পরিবারের লোকজন কলেজে এসে মুচলেকা দিয়ে গেছেন। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ূব আলী মুঠোফোনে বলেন, চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে সাহেদকে আটক করেছিল পুলিশ। কিন্তু কিছু সময় আগে জানতে পারলাম বাদী-বিবাদী উভয়ে আপস মীমাংসায় আগ্রহী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাকি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।