ময়মনসিংহ নগরীতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। গত বুধবার দিবাগত রাতে নগরীর সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- জেলার ত্রিশাল থানার শফিকুলের ছেলে শাকির হোসেন (২৫), নগরীর মধ্য বাড়েরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জাকিরুল ইসলাম (৩২), ঘাগড়া ইউনিয়নের আব্দুল সাত্তারের ছেলে সজীব মিয়া (২০), একই এলাকার রুহুল আমিনের ছেলে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩০) এবং নগরের সারদা ঘোষ রোড এলাকার সুধীর চন্দ্র সিংয়ের ছেলে উৎসব সিং সাগর (২৮)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদে সেওড়া মুন্সিবাড়ি এলাকায় উজ্জ্বল মিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে। পরে ডিবি’র একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মাহবুবুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
