কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী ও তার স্ত্রী আটক, জেলহাজতে প্রেরণ

কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী ও তার স্ত্রী আটক, জেলহাজতে প্রেরণ

ফন্ট সাইজ:

কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক তিনজনের মধ্যে আইনজীবী দম্পতি রয়েছে। বৃহস্পতিবার বিকালে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কুড়িগ্রাম জেলার উপ-পরিচালক মো. শাহ-নেওয়াজ।

আটক ব্যক্তিরা হলো- কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদাপাড়া, খলিলগঞ্জ এলাকার এড. মো. আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম।

অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুড়িগ্রাম জেলার উপ-পরিচালক মো. শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম সদর থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন জানান, মাদকসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। থানায় হস্তান্তর করেছেন তারা। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।