ফ্যাসিবাদের দালালরা এখনো বিভিন্ন সেক্টরে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, ‘উদারতাকে দুর্বলতা ভাববেন না। ভালো কাজের পথে বাধা সৃষ্টি করলে কঠোর হতে বাধ্য হবো।’
শুক্রবার বিকালে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯৪তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলকে এমন পর্যায়ে নিতে চাই, যাতে সারা দেশের মানুষ এক বাক্যে এ চিনিকলকে চিনতে পারে। বর্তমান সরকার সবাইকে নিয়ে কাজ করতে চায়। কিন্তু বিভিন্ন সেক্টরে এখনো ফ্যাসিবাদের দালালরা বসে থেকে ভেতরে ভেতরে দেশকে এগিয়ে নেয়ার পথে বাধা সৃষ্টি করছে। তাদের ষড়যন্ত্র সম্পর্কে সরকার অবগত। আমরা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। বাংলাদেশে যেন আর কখনো ৫ই আগস্টের মতো পরিস্থিতি ফিরে না আসে, সে ব্যবস্থা করতে চাই।
এর আগে মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল জানান, চলতি ২০২৬-২৭ মৌসুমে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে আখের দাম কুইন্টালপ্রতি ২৬ টাকা বাড়িয়ে ৬৫১ টাকা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১৫ হাজার আখচাষির মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। মিলের তত্ত্বাবধানে এ বছর প্রায় ১৮ হাজার একর আখ চাষ করা হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, মিলের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
