গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬) কে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানক্ষেত থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোররাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার মজনু গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের মৃত নাসির সরকারের ছেলে।
তিনি গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেয়ার উদ্দেশ্যে মজনু সরকার সীমান্তবর্তী এলাকা জয়পুরহাটের কালাইয়ে গিয়ে একটি ধানক্ষেতে লুকিয়েছিলেন। গোপন সংবাদে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
