সমাজের এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এসব কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এতিমদের দায়িত্ব রাষ্ট্রের। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এতিম ও অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কওমি মাদ্রাসা থেকে শিক্ষাগ্রহণ করে অনেকে দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠনে মাদ্রাসাশিক্ষার গুরুত্ব অপরিসীম।
শুক্রবার চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, হেফাজতে ইসলামের আমির আল্লামা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মেরাজুল হক, মুফতি আরশাদ রহমানি, পাকিস্তানের আল্লামা ফয়সাল নদীম, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা ও মুফতি শিহাব উদ্দীন নাটোরী। এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, শিল্পপতি আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, শিল্পপতি ফেরদৌস ওয়াহিদ বাপ্পী ও সামশুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুল আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অন্য অতিথিরা।
এতিম-দুস্থদের কল্যাণে সরকারের উদ্যোগ বাড়ানো হবে: সমাজকল্যাণমন্ত্রী
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
