কুমিল্লায় ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ২১৯ জনকে মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়েছে। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কুমিল্লা জেলার কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানা এবং ডিবি পুলিশের একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ৩৫১ জনের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, অপ্রতিম হত্যার পর পরই জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আলোচনায় উঠে আসে।
গত ২৩শে সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হওয়ার পর থেকে এখন ২৯শে অক্টোবর পর্যন্ত ৫২৪৬ জনকে আটক করে। যার মধ্যে মুচলেকায় ৩১৫১ জনকে অভিভাবকের জিম্মায় এবং ২০৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে ২৩শে সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় একযোগে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়। এদের অধিকাংশই ছাত্র। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।
