সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে আজ

সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে আজ

ফন্ট সাইজ:

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আজ (শনিবার) দেশে আসছে। ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হওয়ার পর তাদের মরদেহ পাঠানোর সিদ্ধান্ত নেন দেশটির সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ই আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। এর মধ্যে গত ২৭শে আগস্ট ৯ জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট ৭টি মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে মরদেহসমূহ বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার (৩১শে অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে মরদেহসমূহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজীব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ওয়েজ আর্নার্স বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো কীভাবে দ্রুত আনা যায় সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আসছে। পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলাতে এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তার নাম শাহীন। তিনি শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে। মরদেহগুলো শনিবার বিকাল অথবা সন্ধ্যার দিকে স্বজনদের কাছে পৌঁছাতে পারে বলেও জানান আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএনও আরও বলেন, সৌদি আরবের অগ্নিকাণ্ডের নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ২৭শে আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আসে।

উল্লেখ্য যে, শনিবার ওই একই বিমানে গত ৯ই আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুর গ্রামের রাব্বানার ছেলে সাব্বির হোসেন ও একই উপজেলার দীঘিরপাড় গ্রামের জাকের আলীর ছেলে মোহাম্মদ শামিমের মরদেহ আসছে বলে বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।