২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স এবং নৌ-পুলিশ। এর মধ্যে টাস্কফোর্সের অভিযানে আটক ১৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অন্যদিকে নৌ-পুলিশের অভিযানে আটক ৪৬৩ জনের মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে নৌ-পুলিশ। শুক্রবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর নৌ-থানা থেকে পাঠানো বিজ্ঞপ্তি ও প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, নিষেধাজ্ঞার সময় আইন অমান্য করে মাছ শিকারের দায়ে জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৩৮টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আটক ১৮৩ জেলেকে ৭২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জরিমানা হিসাবে আদায় করা হয় ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা। জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, অভিযানে ২ দশমিক ৭৫৩ টন ইলিশ এবং ১২ লাখ ১ হাজার ৯৯ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ জালের আনুমানিক মূল্য ২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। এসব ঘটনায় ১৬১টি মামলা হয়েছে।

চাঁদপুর নৌ-থানার ওসি আলমগীর হোসেন জানান, অভিযানে জব্দ করা ৩০ লাখ ৯০ হাজার ৫৮৫ মিটার কারেন্ট জাল মামলার আলামত হিসেবে সংরক্ষণের পর আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া ৭৭টি মাছ ধরার নৌকা জব্দ রয়েছে। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে জেলার নিবন্ধিত প্রায় ৪৪ হাজার জেলে ইলিশসহ অনান্য মাছ ধরতে পদ্মা-মেঘনায় নেমেছেন।