বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জেরে রূপালী খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নূরুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মথুরাপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রূপালী খাতুন ও অভিযুক্ত নূরুল ইসলাম দম্পতির বাড়ি ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে। নূরুল ইসলাম ওই গ্রামের ইশার আলীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে নূরুল ইসলাম ও রূপালী খাতুনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী নূরুল ইসলাম স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নূরুল ইসলাম স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
