যশোরের অভয়নগরের আটটি ইউনিয়নের আটটি পরিবার পরিকল্পনা কেন্দ্র জনবল ও চিকিৎসাসামগ্রীর সংকটে বন্ধের উপক্রম হয়েছে। প্রায় এক বছর ধরে এসব কেন্দ্রে ওষুধ ও অন্যান্য চিকিৎসা সহায়তা সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গ্রামীণ জনপদের অন্তঃসত্ত্বা নারী, শিশু ও সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, আটটি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে কোনো চিকিৎসক নেই।
পরিবার কল্যাণ পরিদর্শিকার (এফডব্লিউভি) আটটি পদের মধ্যে ছয়টিই শূন্য। মাত্র দু’জন কর্মী দিয়ে আটটি কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এর ওপর ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে কেন্দ্রগুলোতে ওষুধ ও অন্যান্য চিকিৎসা সহায়তা সরবরাহ বন্ধ রয়েছে। ফলে অন্তঃসত্ত্বা মায়েদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং ডায়রিয়া ও জ্বরের মতো সাধারণ রোগের চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা বন্ধ থাকায় কেন্দ্রগুলোর ভবন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে জনবল সংকট রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও লজিস্টিক সহায়তাও নেই। ওষুধ সরবরাহ বন্ধ থাকায় এসব কেন্দ্রে স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, ‘ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে এ সংকটের সমাধান হবে।
