নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ অপর মোটরসাইকেল আরোহীরাও আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন স্ত্রী ও ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে মদন উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
পথে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলেসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
