সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল করায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- সদর উপজেলার একডালা গ্রামের হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম সোহাগ (২৮) ও রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে দুই যুবলীগ কর্মীকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ও ছাত্রলীগ কর্মী সাজুকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২৮শে অক্টোবর ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে টহল পুলিশ ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করে যুবলীগ। পরে চারজনকে গ্রেপ্তার ও পুলিশ ভ্যানে থাকা একজন এএসআই ও তিনজন কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে ন্যস্ত করে জেলা পুলিশ।