ময়মনসিংহের নান্দাইলে পূর্বশত্রুতার জেরে ফিশারিতে বিষ প্রয়োগ করে প্রায় ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার নান্দাইল পৌরসভার গজারিয়া বিলে মৎস্যচাষি দুলাল মিয়ার ভাড়া নেয়া ফিশারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বিকালে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গজারিয়া বিলে স্থানীয় বিভিন্ন লোকজনের কাছ থেকে জমি ভাড়া নিয়ে ফিশারি তৈরি করে মাছ চাষ করে আসছেন ভাটি সাভার গ্রামের দুলাল। কিন্তু ফিশারিতে অংশীদার হওয়ার দাবিতে রাজি না হওয়ায় গত ২৮শে অক্টোবর রাতে অভিযুক্তরা ফিশারির পানিতে কীটনাশক ঢেলে দেয়।
এতে দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ মণ মাছ মরে পানিতে ভেসে ওঠে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় দুলাল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর ছোট ভাই মানিক মিয়া জানান, ঘটনার রাতে তিনি ফিশারি পাহারা দেয়ার সময় দেখতে পান, অভিযুক্ত আল আমিন, শহিদ মিয়া, হবি মিয়া ও জালাল উদ্দিনসহ কয়েকজন পানিতে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন। এ সময় তার চিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী দুলাল জানান, চলতি মৌসুমে অভিযুক্তরা ওই ফিশারিতে অংশীদার হওয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিল। এতে রাজি না হওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। অপরদিকে বিষ প্রয়োগের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শহিদ মিয়া বলেন, ফিশারির পানির গুণগত মান নষ্ট হয়ে বা পচে যাওয়ার কারণে মাছ মরে ভেসে উঠতে পারে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
