গাজীপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে গাজীপুরের নাওজোড় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজীব হোসেন জানান, নাওজোড় এলাকায় তিনতলা নির্মাণাধীন ভবনটির অধিকাংশই নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের উপর দু’টি ঘর নির্মাণ করে গার্মেন্টস্ কর্মীর কাছে ভাড়া দেয়া হয়েছিল।
ওই কক্ষে সাকিবসহ কয়েকজন গার্মেন্টস্ কর্মী ভাড়া থাকতো। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও স্থানীয়রা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
