বোয়ালমারীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, মামলা

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ বছরের এক শিশুকে ফল দেয়ার প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে আল আমিন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার রাত ১০টায় বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের পর থেকে আল আমিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সোতাশী রেলগেটসংলগ্ন একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি মসজিদসংলগ্ন এলাকায় খেলতে গিয়ে পিপুল লতার পাকা লাল ফল সংগ্রহ করছিল। এ সময় আল আমিন শিশুটিকে আরও বেশি ফল দেয়ার প্রলোভন দেখিয়ে মাদ্রাসার মোতাওয়াল্লির কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ অশোভন আচরণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয়া হয়। শিশুটি বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা অভিযুক্তকে শনাক্ত করে। অভিযুক্ত আল আমিনের বাড়ি পৌরসভার সোতাশী গ্রামে। থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার দিন রাতেই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।