শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান অমর্ত্য সেনের

শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান অমর্ত্য সেনের

ফন্ট সাইজ:

শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের ঘটনায় হতবাক হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শুভেন্দু ভদ্রকে পাঠানো এক সংহতি বার্তায় সেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তিনি “গভীরভাবে মর্মাহত”।
বৃহস্পতিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভায় পাঠ করে শোনানো হয় তার বার্তা। সেন বলেছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলার খবর শুনে আমি হতবাক। রাজনৈতিক সহিংসতা থেকে মানুষকে রক্ষা করার প্রয়োজন রয়েছে। আমার দেশের অন্য সকলের মতো, বিভিন্ন ক্যাম্পাসে অধ্যয়নরত শিক্ষার্থীদেরও সমর্থন প্রয়োজন।”
এই প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করে এই অর্থনীতিবিদ বলেছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়েই ৭০ বছর আগে আমি আমার শিক্ষকতা জীবন শুরু করেছিলাম এবং এই মহান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার সংহতি অত্যন্ত গভীর।”

অমর্ত্য সেনের মতে, “সহিংসতা থেকে মুক্তি আমাদের সকলের একটি অধিকার। যে সহিংসতা চালানো হয়েছে, তার পেছনের সাম্প্রদায়িক ভাবনার নিঃশর্ত নিন্দা প্রাপ্য।” বিশেষ করে আরএসএস-এর সহযোগী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুপ্রবেশ এবং তার ফলস্বরূপ স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই), ফেটসু, এইডসো এবং এসবিভিপি-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে সংঘর্ষের অভিযোগের প্রেক্ষাপটে অমর্ত্য সেনের এই বক্তব্য উঠে এসেছে।
গত ১৯ আগস্ট এবিভিপি এবং এসএফআই-এর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং পরের দিনও তা অব্যাহত ছিল। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, এর ঐতিহ্যবাহী প্রতীকের ক্ষতিসাধন এবং বহিরাগতদের অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছিল। এর আগে গত ৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেরুয়া রঙের “সম্মান, পবিত্রতা, গৌরব ও শুদ্ধতা” সমুন্নত রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে গোলপার্ক থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত একটি গেরুয়া পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন।