৩ নভেম্বের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। নির্বাচনে আলাস্কায় এক নতুন বিতর্ক দেখা দিয়েছে। সেখানের ‘দ্বিতীয় ড্যান সুলিভান’ নামের এক প্রার্থীকে দাঁড় করানোর অভিযোগ উঠেছে। তবে এই খবর প্রকাশের আগেই প্রায় ৫৮ হাজার ভোটার তাদের ভোট দিয়ে ফেলেছেন। যা রাজ্যের মোট নিবন্ধিত ভোটারের প্রায় ১০ শতাংশ। এ খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ।
নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানের বরাতে ফক্স নিউজ জানায়, ডেমোক্রেট প্রার্থী মেরি পেল্টোলা এবং ডেমোক্রেটিক সেনেটরিয়াল ক্যাম্পেইন কমিটির (ডিএসসিসি) সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই কাজের সঙ্গে জড়িত। তারা রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ড্যান সুলিভানের বিরুদ্ধে ড্যান জে. সুলিভান নামের একজনকে প্রার্থী করেছেন। ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এই কাজ করা হয়েছে বলে সমালোচকরা দাবি করেছেন। তবে পেল্টোলার প্রচার শিবির এবং ডিএসসিসি এই অভিযোগ অস্বীকার করেছে। ড্যান জে. সুলিভান প্রাইমারি নির্বাচনে ২.৫ শতাংশ ভোট পেয়েছিলেন। তার প্রচারণায় কোনো দলের নাম বা রাজনৈতিক কোনো লক্ষ্যের কথা বলা হয়নি।
এদিকে ভোটারদের এই বিভ্রান্তির কারণে সিনেটর ড্যান সুলিভান হেরে গেলে নির্বাচনের ফলাফল প্রত্যয়ন স্থগিত চেয়ে গত সপ্তাহে একটি মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। আলাস্কার র্যাঙ্কড-চয়েস ভোটিং ব্যবস্থা এই নির্বাচনকে আরও জটিল করে তুলেছে। এই ব্যবস্থায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ক্রমানুসারে ভোট দেন। রিপাবলিকান স্টেট সিনেটর জেমস কফম্যান আশঙ্কা প্রকাশ করে বলেন, অনেক ভোটার বিভ্রান্ত হয়ে দুই সুলিভানকেই ভোট দিতে পারেন অথবা এই ভোটিং ব্যবস্থা ব্যবহার করতে অস্বীকৃতি জানাতে পারেন।
