গাজীপুর-৩, ৪ ও ৫ আসনে ভোটের সমীকরণ

ফন্ট সাইজ:

গাজীপুরের তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন-গাজীপুর-৩, ৪ ও ৫ আসনে জমজমাট নির্বাচনী মাঠ। প্রার্থীদের দৌড়ঝাঁপ, দলীয় কৌশল ও ভোটারদের নানা প্রত্যাশায় সরগরম এই জনপদ। এই তিন আসনে বিএনপি-জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ২২ প্রার্থী ভোটারদের আস্থা অর্জনে নানামুখী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় চেষ্টা করেছেন। অপরদিকে ভোটাররাও প্রার্থীদের যোগ্যতা, পূর্বের কর্মকাণ্ড ও এলাকার বাস্তব উন্নয়নকে গুরুত্ব দিয়ে নিজেদের সিদ্ধান্ত নিচ্ছেন। রাজনৈতিক সমীকরণ, দলীয় শক্তির অবস্থান ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় উপস্থিতিতে গাজীপুরের এই তিন আসনের নির্বাচনী লড়াই এবার বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত কার পক্ষে যাবে ভোটের পাল্লা, তা নিয়ে সাধারণ ভোটার থেকে শুরু করে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা ও হিসাবনিকাশ।


গাজীপুর-৩

শক্ত অবস্থানে স্বতন্ত্র প্রার্থী: এই আসনের বড় চ্যালেঞ্জ হলো শহুরে ও গ্রামীণ ভোটারের ভিন্ন প্রত্যাশা। শহর অংশে নাগরিক সেবা, যানজট ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ ইস্যু হলেও গ্রামীণ এলাকায় রাস্তা, কৃষি সহায়তা ও সামাজিক নিরাপত্তা বড় বিষয়। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন- বিএনপি’র প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান, পাশাপাশি রয়েছেন জামায়াত নেতৃত্বাধীন জোট প্রার্থী। এখানে দলীয় নেতাদের দূরত্ব, স্থানীয় ইস্যু, কর্মসংস্থানের সংকট ইত্যাদি ভোটের বড় নিয়ামক। শেষ মুহূর্তে ভোটে জেতার জন্য দলীয় নেতা কর্মীদের অবস্থান, শ্রমিক ভোট ও আওয়ামী লীগের ভোট কোন দিকে যায় এগুলো মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গাজীপুর-৩ আসনের প্রার্থীরা হলেন- এস.এম. রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ধানের শীষ), জামায়াত জোটের মোহাম্মদ এহসানুল হক বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা), ইজাদুর রহমান চৌধুরী স্বতন্ত্র (ঘোড়া), মো. নাজিম উদ্দিন জাতীয় পার্টি (লাঙ্গল), আলমগীর হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), মাওলানা মুফতি মো. শামীম আহমেদ ইসলামী ঐক্যজোট (মিনার), আশিকুল ইসলাম পিয়াল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মই)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫,২৭,৩৫৯। এর মধ্যে পুরুষ ভোটার ২,৬০,১৯০। মহিলা ২,৬৭,১৬২ ও হিজড়া ভোটার ৭। এর মধ্যে পোস্টাল ভোটার ৪,১৩৪। এই আসনে ভোট কেন্দ্র ১৮০টি।


গাজীপুর-৪

ব্যক্তি জনপ্রিয়তার মাঠ: কাপাসিয়া আসনে দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বেশি গুরুত্ব পাচ্ছে। গ্রামীণ ভোটাররা আস্থা দেখেছেন এমন প্রার্থীর দিকেই ঝুঁকছেন বলে স্থানীয় বিশ্লেষকদের মত। এই আসনে বড় কোনো ঢেউ না থাকায় ভোটের ফল অনেকটাই নির্ভর করবে নির্বাচনী মাঠের বড় দু’টি দলের প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ ও মাঠে থাকা কর্মী-সমর্থকদের সক্রিয়তার ওপর। এ আসনের প্রার্থীরা হলেন- শাহ রিয়াজুল হান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ধানের শীষ), সালাহ উদ্দিন আইউবী বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা), মো. কাজিম উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), মনির হোসেন ন্যাশনাল পিপলস পার্টি (আম), এনামুল কবির জাতীয় পার্টি (লাঙ্গল), মানবেন্দ্র দেব বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে), মো. জাকির হোসেন আমজনতার দল (প্রজাপতি), মো. শফিউল্লাহ স্বতন্ত্র (ফুটবল)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩০,৯৭৭। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৪,৪২৯ ও মহিলা ভোটার ১,৬৬,৫৪৮। পোস্টাল ভোটার ৫,৪২১। এই আসনে ভোট কেন্দ্র ১২২টি।


গাজীপুর-৫
নতুন ভোটারে গেম চেঞ্জার: কালীগঞ্জ আসনে পুরনো ভোটব্যাংকের পাশাপাশি নতুন ভোটার বড় শক্তি হয়ে উঠেছে। এখানে লড়াই বেশ খোলা, শেষ পর্যন্ত ভোটের দিনে উপস্থিতি ও স্থানীয় প্রভাবই জয় নির্ধারণ করবে। মূল প্রতিদ্বন্দ্বিতায় সাবেক এমপি বিএনপি’র প্রার্থী আর প্রথমবারের মতো নির্বাচনে নামা জামায়াতের প্রার্থী। বিশ্লেষণে দেখা যাচ্ছে, তরুণ ভোটারদের কাছে যিনি বিশ্বাসযোগ্য বার্তা দিয়ে আস্থা অর্জন করতে পারছেন, তিনি বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি রয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী। গাজীপুর-৫ আসনের প্রার্থীরা হলেন- এ.কে.এম. ফজলুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ধানের শীষ), মো. খায়রুল হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা), মো. আল আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার), ডা. মো. শফিউদ্দিন সরকার জাতীয় পার্টি (লাঙ্গল), মো. আজম খান জনতা দল (গামলা), মো. কাজল ভূঁইয়া গণফোরাম (উন্মুক্ত বই), গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩, ৫৪, ৬৪৩। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,০৯৩। মহিলা ভোটার ১,৭৫,৫৪৮। হিজড়া ভোটার ২। এর মধ্যে পোস্টাল ভোটার ৩,৬৭৭। এই আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুরের এই তিনটি আসনের ফল বিশেষ রাজনৈতিক বার্তা বহন করবে। সে কারণে শেষমুহূর্ত পর্যন্ত জেলার এই আসনগুলোর দিকে থাকবে সবার নজর। সামগ্রিক বিশ্লেষণে বলা যায়, এই আসনে এবারের নির্বাচন একপাক্ষিক নয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন