বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে প্রায় ৭৮ হাজার ১০৭ কোটি ৪০ লাখ টাকার বা ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ বেহাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা বলছেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।
বাইন্যান্স জানায়, তারা অংশীদারদের সঙ্গে মিলে বেহাত হওয়া সম্পদের মধ্যে ৩৭ হাজার ১৯৪ কোটি টাকা বা ৩ বিলিয়ন ডলার জব্দ করতে সক্ষম হয়েছেন। তবে বাকি ৪০ হাজার ৯১৩ কোটি ৪০ লাখ টাকার বা ৩.৩ বিলিয়ন ডলারের বিষয়ে এখনও কোনো নতুন তথ্য দেয়া হয়নি। বাইন্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ই হি জানান, হ্যাকিংয়ের কারণে হওয়া সব আর্থিক ক্ষতি তারা নিজেরা পূরণ করবেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোম্পানির একজন প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপ থেকেই এই ত্রুটির শুরু হয়েছিল। এর মাধ্যমে এক হ্যাকার তাদের সিস্টেমে প্রবেশ করে এই বিপুল পরিমাণ তহবিল সরিয়ে নেয়।
শুক্রবার এশীয় বাজারে এই খবরের তাৎক্ষণিক প্রভাব পড়ে। এতে বিটকয়েনের দাম ৩ শতাংশের বেশি কমে ৯৪ লাখ ৬৮ হাজার ১০৪ টাকায় বা ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে যায়। ইথারের দামও ৩ শতাংশ কমে ২ লাখ ৬৯ হাজার ৯৮৪ টাকা বা ২ হাজার ১৭৮ ডলার হয়েছে। এছাড়া কয়েনবেস এবং মাইক্রোস্ট্র্যাটেজির শেয়ারের দামও ব্যাপকভাবে কমেছে।
বাইন্যান্স তাদের এক বিবৃতিতে জানায়, প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সম্পদ নিরাপদ রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের জমা ও উত্তোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই ঘটনার পর স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেদার ১৯ হাজার ৪৬৪ কোটি ৮৬ লাখ টাকা বা ১.৫৭ বিলিয়ন ডলার এবং সার্কেল ৯ হাজার ৯১৮ কোটি ৪০ লাখ টাকার বা ৮০০ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালও ৩৩৪ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকার বা ২৭ মিলিয়ন ডলারের স্টেবলকয়েন এবং ২৪ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা বা ২ মিলিয়ন ডলার মূল্যের টোকেন জব্দ করেছে।
গত বছর ক্রিপ্টো খাতে প্রায় ১৫০টি হামলায় ৩৫ হাজার ৯৫৪ কোটি ২০ লাখ টাকার বা ২.৯ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি হয়েছিল। সেপ্টেম্বরে বিটগেট প্ল্যাটফর্ম থেকে চুরি হয় ৪ হাজার ৩৩৯ কোটি ৩০ লাখ টাকা বা ৩৫০ মিলিয়ন ডলার। তবে কয়েনবেস এবং বাইন্যান্সের আলাদা প্ল্যাটফর্ম বাইন্যান্স ইউএস জানায়, তারা এই হ্যাকিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি।
(১ ডলার সমান ১২৩.৯৮ টাকা ধরে)
