মিরপুরে পোশাক শ্রমিকদের দফায় দফায় সড়ক অবরোধ

মিরপুরে পোশাক শ্রমিকদের দফায় দফায় সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক থেকে সরে দাঁড়ান শ্রমিকরা। এরপর দুপুর ১টার দিকে সবাই একত্রিত হয়ে মিরপুর-১১ নম্বর পূরবী সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৪টার দিকে সড়ক থেকে সরে গিয়ে বিভিন্ন গলিতে অবস্থান নেন পোশাক শ্রমিকরা।

সূত্রমতে, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে উপস্থিত হয়ে মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি জানান। এ সময় কারখানাগুলো একদিনের ছুটি দিয়ে দেয়। পরে কয়েকশ’ শ্রমিক একত্রিত হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে। এ সময় চারদিকের যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দফায় দফায় পুলিশ তাদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তারা মিরপুর-১০ এলাকা ছেড়ে দেন। অবরোধ চলাকালে বেশ কয়েকজন সাংবাদিকের গায়ে হাত তোলা হয়। ছবি কিংবা ভিডিও করতে বাধা দেয়া হয়। অনেক শ্রমিককে লাঠিসোটা হাতে অবস্থান নিতে দেখা যায়। শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে দুপুর ১টার দিকে মিরপুর-১১ নম্বর পূরবী সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন তারা। এ সময় পূরবী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেখানেও শ্রমিকদের লাঠিসোটা হাতে দেখা যায়। সেখানেও কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে প্রধান সড়ক ছেড়ে দেন। এরপর বিচ্ছিন্নভাবে বিভিন্ন গলিতে অবস্থান করতে দেখা যায় তাদের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা সড়কে নেমেছিলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। পরে রূপনগরের দিক থেকে আরও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা পূরবীতে অবস্থান নেন। সেখানেও তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। পরে তারা সড়ক থেকে সরে যান।