পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা

পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

পাবনার সদর উপজেলার পুষ্পপাড়া হাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাটের ইজারাদার শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম (৫৭) ও তার ভাতিজা রিপন হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইজারাদারের নিজস্ব অফিসে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায় ৫-৭ জনের একটি সশস্ত্র দল। গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সালাম পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক। তার ভাগিনা রিপন হোসেন একই গ্রামের ইউপি সদস্য ওমেদ আলীর ছেলে। রিপন হাটের ইজারার কাজেও সহযোগিতা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালাম ও তার ভাতিজা রিপন হাটের ইজারাসংক্রান্ত কাজের জন্য অফিসে বসেছিলেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ৫-৭ জনের একটি সশস্ত্র দল সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা আব্দুস সালামকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় মামাকে রক্ষা করতে এগিয়ে গেলে রিপনকেও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে দু’জনই অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাটের ইজারাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঠিক কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই ঘটনায় দু’জনকে গুলি করে হত্যার ঘটনায় পুষ্পপাড়া হাট ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে পুলিশ সুপার আবু আশ্রাফ জানান।