ত্রিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নগদ টাকা লুট

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। নিহত ব্যবসায়ীর নাম সুশেন চন্দ্র সরকার। তিনি ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউদকান্দা গ্রামের বাসিন্দা এবং মৃত রাসবিহারী সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বগার বাজার চৌরাস্তা এলাকায় চালের ব্যবসা করে আসছিলেন। পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এক বা একাধিক দুর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হত্যাকাণ্ড ও ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন