ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপূজার পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে আদালত আগামী ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। বৃহস্পতিবার কলকাতার আদালতে তাকে হাজির করানো হলে প্রথমে বিচারক তদন্তকারী অফিসারের কাছ থেকে অভিযোগ প্রসঙ্গে জানতে চান।
তদন্তকারী দলের এক অফিসার জানান, ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউনেস্কোর লোগো ব্যবহার করে ‘মাস আর্ট’ সংস্থা টিকিট বিক্রি করেছে। ইন্দ্রনীল সেনের স্ত্রী এই সংস্থার সঙ্গে যুক্ত। পুলিশের দাবি, দরপত্র আহ্বানের প্রক্রিয়াতেও গরমিল রয়েছে।
সরকারী আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় আদালতে জানিয়েছেন, এই মামলাটি আদতে প্রতারণা এবং জালিয়াতির। ২০২৫ সালে ইউনেস্কোর সঙ্গে চুক্তি হয়েছিল মাস আর্ট সংস্থার। কিন্তু ব্যবসায়িক বা আর্থিক লাভের উদ্দেশ্যে ইউনেস্কোর লোগো ব্যবহার করতে নিষেধ করা হয়েছিল তাদের তরফে।
আইনজীবীর বক্তব্য, সেই নিষেধ সত্ত্বেও বাস্তবে তা-ই করা হয়। তদন্তে দেখা গেছে, ২০২৫ সালে ইউনেস্কোর সঙ্গে চুক্তি হলেও ২০২২ সাল থেকে পূজার জোর পাসের নামে টাকা তোলা বা পাস বিক্রি করা হয়েছে। নীতি না মেনেই টাকা নেয়া হয়েছে বলে অভিযোগ।
সরকারি আইনজীবীর বক্তব্য, যে সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময়ে অভিযুক্ত মন্ত্রী ছিলেন।
তদন্তকারীদের আইনজীবী কোর্টে সওয়াল করে জানান, ইন্দ্রনীলের স্ত্রী তথা ‘মাস আর্টের’ প্রধানের অ্যাকাউন্টে যে দিন টাকা জমা হয়েছে, ওই একই দিনে টাকা সাবেক মন্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয়েছে। তদন্তে এমনটাই দেখা গেছে। তিন জনের গোপন জবানবন্দি নেয়া হয়েছে। তারা প্রত্যেকেই জানিয়েছেন, সাবেক মন্ত্রী সরাসরি ওই দুর্নীতিতে যুক্ত।
