মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা ১ম জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই মামলার রায় দেন।
চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ১৪ জন আসামির মধ্যে ৪ জনকে ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অন্য দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড এবং ৫ জনকে খালাস দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-নাসির মিয়া, গিয়াস মিয়া, বিল্লাল মিয়া ও দুলাল মিয়া। আসামিদের মধ্যে মুহিবুর রহমানকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং জয়নাল মিয়াকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এই মামলার অপর ৩ আসামি ফারুক মিয়া, ছরুক মিয়া ও রাজা মিয়ার স্বাভাবিক মৃত্যু হয়। বাকি ৫ জন আসামিকে খালাস দেওয়া হয়।
২০১৬ সালের ৭ই এপ্রিল জামি সংক্রান্ত বিরোধের জেরে শাবানা বেগম (২৮) নামে এক নারীকে হত্যা করা হয়। হত্যা মামলার বাদী ছিলেন শাবনা বেগমের ভাই হেলাল মিয়া। আসামি পক্ষের স্বজন ও আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
