কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সৌদিতে বাংলাদেশিদের মৃত্যুদণ্ড কার্যকর

কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

ফন্ট সাইজ:

বিদেশে বাংলাদেশি নাগরিকদের সময়মতো কনস্যুলার সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থমূলক রিট আবেদন করা হয়েছে। সৌদি আরবে গত ১৪ই অক্টোবর দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারিসহ প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ এ রিট আবেদন টি দায়ের করেন। এতে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এবং সেখানকার শ্রমকল্যাণ উইংয়ের প্রধানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, সময়মতো কনস্যুলার সহায়তা প্রদানে বিবাদীদের কথিত ব্যর্থতা কেন বেআইনি ও সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে অসংগত ঘোষণা করা হবে না এবং তাদের প্রযোজ্য আইনগত দায়িত্ব পালনের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির প্রার্থনা করা হয়েছে।

পাশাপাশি পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশের সব বিদেশি মিশনে নির্দেশনা পাঠানোর আদেশ চাওয়া হয়েছে। প্রস্তাবিত নির্দেশনার মধ্যে রয়েছে, মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের মামলাগুলো জরুরি ভিত্তিতে পর্যালোচনা, আপিল বা ক্ষমার আবেদনের আসন্ন সময়সীমা শনাক্ত, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ এবং আইনসম্মত কনস্যুলার যোগাযোগ ও প্রয়োজনীয় সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ।

সৌদি আরবের আলোচিত ঘটনাগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কী নথি ছিল এবং কী সহায়তামূলক পদক্ষেপ নেয়া হয়েছিল, তা ব্যাখ্যা করে ১৪ দিনের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, আটক নাগরিকদের পক্ষে পরিবারের আবেদন করার সামর্থ্য না থাকা, ভাষাগত প্রতিবন্ধকতা কিংবা আইনি সহায়তা পাওয়ার অসুবিধা জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা বাড়ায়। একই সঙ্গে আবেদনকারী মৃত্যুদণ্ড কার্যকরের পর সরকারের নেয়া কূটনৈতিক পদক্ষেপগুলোর কথা স্বীকার করে সহায়তা যথাসময়ে দেয়া হয়েছিল কি না, তা নথির ভিত্তিতে পর্যালোচনার আবেদন জানিয়েছেন।
রিটে সংবাদ প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তিদের পরিচয়, মামলার তথ্য ও কনস্যুলার সহায়তার প্রকৃত অবস্থা সরকারি নথির মাধ্যমে যাচাইয়ের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।