২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে সংঘটিত রাজনৈতিক সহিংসতার বিচার দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। বুধবার বাদ আসর কলেজ বাজারে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেপষে এ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মনির আবছার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুদ্দীন জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ওই দিন লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতায় রাজনৈতিক কর্মীদের প্রাণহানি ঘটে। তাঁর দাবি, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘২০২৪ সালে মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। এখন অতীতের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার যেন অতীতের সরকারের দেখানো পথে না হাঁটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’ বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বলে দাবি করা হত্যাকাণ্ডগুলোর বিচারও দাবি করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মনির আবছার চৌধুরী বলেন, ২৮শে অক্টোবরের ঘটনাসহ রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা প্রয়োজন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হারুন, মুছা মেম্বার, শিবির নেতা শোয়াইব মোহাম্মদ মোরশেদ, মাহবুব আলী, ইলিয়াস মেম্বার, ইমরুজ ও আবদুর রহমানসহ অন্য নেতারা। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ২৮শে অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার এবং রাজনৈতিক সহিংসতার অবসানের দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮শে অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতায় একাধিক ব্যক্তি নিহত হন। দিনটি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কাছে ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ হিসেবে পরিচিত।
