সীতাকুণ্ডে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সীতাকুণ্ডে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফন্ট সাইজ:

২০০৬ সালের ২৮শে অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষে লগি-বৈঠার ব্যবহার ও প্রাণহানির ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত ও বিতর্কিত অধ্যায় হিসেবে পরিচিত। ওইদিনের ঘটনায় নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মো. তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৪ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওদুল হক চৌধুরী,জামায়াত নেতা অ্যাডভোকেট আশরাফুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উল আলম রাসেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান, জামায়াত নেতা মো. জসিম উদ্দিন এবং সীতাকুণ্ড পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর। এছাড়া জামায়াত-শিবিরের শত শত নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮শে অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।