২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বুধবার বিকেল ৪টায় মহাখালীতে কলেরা হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। এতে তাদের ছয়জন নেতাকর্মী নিহত হন এবং হামলাকারীরা লাশের ওপর নৃত্য করে। তিনি শেখ হাসিনাসহ মামলার চার্জশিটভুক্ত আসামিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে মামলার কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র গায়েব করে দেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে জনগণের রায় কার্যকর এবং বাতিল করা অধ্যাদেশ পুনরায় পাসের দাবি জানান জামায়াতের এই নেতা।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তিনি আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্টদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সেলিম উদ্দিন আরও বলেন, দেশে বিভাজন, খুন, হত্যা ও চাঁদাবাজির রাজনীতি চলতে দেওয়া হবে না। এসব অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত। এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার ও জামাল উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
