এনসিপির নারী সংগঠনের নেতৃত্ব থেকে বাদ পড়লেন মনিরা, মাহমুদা–নুসরাতের ‘পদোন্নতি’

এনসিপির নারী সংগঠনের নেতৃত্ব থেকে বাদ পড়লেন মনিরা, মাহমুদা–নুসরাতের ‘পদোন্নতি’

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার পর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে তিন সদস্যের নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে মনিরা শারমিনকে বাদ দেওয়া হয়েছে। আহ্বায়কের পদ থেকে তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে। তিনি আগের কমিটিতে সদস্যসচিব ছিলেন।

অন্যদিকে সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে। তিনি আগের কমিটিতে মুখ্য সংগঠকের (তৃতীয় শীর্ষ পদ) দায়িত্বে ছিলেন।

এতে এনসিপির সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য মাহমুদা ও নুসরাতের সঙ্গে সংগঠনটির (নারীশক্তি) মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনজিলা ঝুমাকে।

উল্লেখ্য, গত ৮ মার্চ জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ করে। প্রথমে সংগঠনের আহ্বায়ক পদে মনিরা, সদস্যসচিব পদে মাহমুদা ও মুখ্য সংগঠক পদে নুসরাতের নাম ঘোষণা করা হয়। এরপর ১৮ এপ্রিল সংগঠনের ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি আজ ভেঙে দেওয়া হলো।