ইসরাইলের নির্বাচনে সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বুথফেরত জরিপে কোনো পক্ষই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যশার দলের প্রধান গাদি আইজেনকোট উভয়েই সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। তারা নিজ নিজ সমর্থকদের সামনে আনন্দ প্রকাশ করেন। বিরোধী দলগুলো নেতানিয়াহুর পতনের দাবি করছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।
৭২ ভাগ ভোট গণনা শেষে বুথফেরত জরিপ অনুযায়ী নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন নিয়ে এগিয়ে আছে। তারা আইজেনকোটের যশার দলের চেয়ে পাঁচ বা ছয়টি আসন বেশি পেতে পারে। তবে নেতানিয়াহুর জোট বর্তমানে নেসেটে থাকা তাদের আসন সংখ্যা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। জরিপগুলোতে তারা ৫১ বা ৫২টি আসন পাচ্ছে বলে দেখানো হয়েছে। যদিও ভোট গণনার আংশিক ফলাফলে এই সংখ্যা ৫৪ তে পৌঁছেছে। আইজেনকোট তার সমর্থকদের উদ্দেশে বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তিনি নেতানিয়াহুকে জনগণের অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে বিদায় নেয়ার আহ্বান জানান।
ভোটগ্রহণ শেষের পাঁচ ঘণ্টা পর রাত তিনটার দিকে নেতানিয়াহু তার ভাষণ দেন। তিনি দাবি করেন, ইহুদি ও জায়নবাদী জনগণের মধ্যে ডানপন্থি জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তিনি আরব দলগুলোকে ইসরাইলের অস্তিত্বের বিরোধী আখ্যা দিয়ে তাদের সঙ্গে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদও দাবি করেন, নেতানিয়াহু নির্বাচনে হেরে গেছেন। তারা একটি জায়নবাদী সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আরব দলগুলোর সঙ্গে জোট করার সম্ভাবনা নাকচ করেছেন। তবে ডেমোক্রেট দলের প্রধান ইয়ার গোলান আরব দল রা‘মের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এদিকে আরব দলগুলোর নেতারা বুথফেরত জরিপে তাদের রেকর্ড সংখ্যক আসন পাওয়ার আভাসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন এবং রা‘ম দলের প্রধান মনসুর আব্বাস জানান, তাদের বাদ দিয়ে ইসরাইলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব নয়।
এদিকে ওৎজমা ইয়েহুদিত দলের প্রধান ইতামার বেন গভির আইজেনকোটের দলের সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি বলেন, আইজেনকোটের সঙ্গে সরকার গঠন করা হলে তা হবে এক ভয়ংকর ভুল। অন্যদিকে রিলিজিয়াস জায়ননিজম দলের নেতা বেজালেল স্মোট্রিচ বিরোধীদের জয় উদযাপনের সমালোচনা করে গাজায় ইহুদি বসতি গড়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং সাস দলের নেতারা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার কথা বলেছেন।
