কেপটাউনে ৬ উইকেট নিয়ে স্টার্কের খোলামেলা স্বীকারোক্তি

কেপটাউনে ৬ উইকেট নিয়ে স্টার্কের খোলামেলা স্বীকারোক্তি

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টে বল হাতে নিজেকে ঠিক খুঁজে পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ান গতিদানব মিচেল স্টার্ক। দীর্ঘ দিন ধরেই মনে হচ্ছিল, ‘অনেক কিছুই ঠিকঠাক হচ্ছে না"। তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও নিজের ভুল বুঝতে পেরে কেপটাউন টেস্টের প্রথম দিনেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান এ বাঁহাতি পেসার। একাই ৬ উইকেট নিয়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ চুরমার করে দেন তিনি।
কেপটাউনে টেস্টের প্রথম দিনে শুরুতে চরম খরুচে ছিলেন স্টার্ক। প্রথম ১২ ওভারে ৬২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেখান থেকে বাউন্সার ট্যাকটিক ও দ্বিতীয় নতুন বলের রিভার্স সুইংয়ে ৭২ রানে ৬ উইকেটের এক দুর্দান্ত স্পেল উপহার দেন তিনি। ৪ উইকেটের তিনটিই নেন নতুন বলে মাত্র ৬ বলের ব্যবধানে।
প্রথম দুই টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর কায়ো স্পোর্টসে সাবেক তারকা মার্ক ওয়াহ মন্তব্য করেন, স্টার্ককে বাদ দিয়ে স্কট বোল্যান্ডকে একাদশে রাখা উচিত। এরপরই নিজের বোলিংয়ের টেকনিক্যাল সমস্যা খুঁজতে সহকারী কোচ জেমস ফ্র্যাঙ্কলিন, প্রধান কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড এবং স্ত্রী অ্যালিসা হিলির সাহায্য নেন স্টার্ক। অ্যাশেজের সফল ভিডিওর সাথে সাম্প্রতিক ফুটেজ মিলিয়ে দেখেন তিনি।
স্টার্ক স্বীকার করে বলেন, ‘সিরিজ জুড়ে অনেক কিছুই ঠিক মনে হচ্ছিল না। কাল রাতে আমি, কোচেরা এবং আমার স্ত্রী মিলে ভিডিও ফুটেজ দেখছিলাম। অ্যাশেজের বোলিংয়ের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি অ্যাকশনে কোনো সমস্যা আছে কি না। কিন্তু অ্যাকশনে কোনো পরিবর্তন ছিল না। পুরোটাই মানসিক অনুভূতির বিষয় ছিল। আমি হয়তো এমন কিছু খুঁজছিলাম যা সেখানে ছিলই না। মাথার চিন্তা বন্ধ রাখলেই সব ঠিক হয়ে যায়।’
প্রথম দুই ঘণ্টায় চালকের আসনে থাকা দক্ষিণ আফ্রিকাকে ৩২৯ রানে গুটিয়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দ্রুত ম্যাচের পরিস্থিতি বুঝে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। প্রথম ঘণ্টায় নতুন বলে এমনটা করতে পারলে ভালো হতো, তবে দিনের খেলা শেষ হওয়ার আগেই ভুল শুধরে নেয়া আমাদের দলের একটি বড় বৈশিষ্ট্য।’
উল্লেখ্য, স্টিভ স্মিথের ঘাড়ে চোটের কারণে শেষ মুহূর্তে দলে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া।