ওল্ড ট্রাফোর্ডের নাটকের মাঝেও ক্যারিকের ওপর আস্থা ইউনাইটেডের

উত্তেজনার ৪৮ ঘণ্টা

ওল্ড ট্রাফোর্ডের নাটকের মাঝেও ক্যারিকের ওপর আস্থা ইউনাইটেডের

ফন্ট সাইজ:

ওল্ড ট্রাফোর্ডে চরম অস্থিরতা আর সমর্থকদের তীব্র ক্ষোভের মাঝেও আপাতত টিকে গেলেন মাইকেল ক্যারিক। বোর্নমাউথের কাছে হারের পর গুঞ্জন ওঠে, বরখাস্ত হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। তবে টানা ৪৮ ঘণ্টার নাটকীয় আলোচনা শেষে ক্লাব বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী শনিবার চেলসির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে ডাগআউট সামলাবেন ৪৫ বছর বয়সী এই কোচই।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইতালির কোমোতে ৪-১ গোলের ধাক্কার পর ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে পরাজয়ে ক্যারিকের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়ে। কোচের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হলে সংবাদ সম্মেলনে ক্যারিক বলেন, ‘সত্যি বলতে, আমি বিশেষ কিছু প্রত্যাশা করছি না। আমি স্বাভাবিকভাবেই আমার কাজ চালিয়ে যাচ্ছি।’ তবে কোচের কৌশলের প্রকাশ্যে সমালোচনা করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, যা ড্রেসিং রুমের বিশৃঙ্খলা ও কোচের কর্তৃত্বহীনতাকে সবার সামনে উন্মোচিত করে।

সোমবার সকাল থেকেই ক্যারিককে ছাঁটাইয়ের জোর গুঞ্জন ছিল। তবে প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স তড়িঘড়ি করে কোনো প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত নিতে চাননি। স্যার জিম র‍্যাটক্লিফ ও গ্লেজার পরিবারের সাথে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, ক্যারিক ও তার দলকে ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ দেয়া হবে।

বোর্ডের একাংশ মনে করছে, মাঠের ব্যর্থতার জন্য শুধু ক্যারিক দায়ী নন, দলের উচ্চ বেতনভোগী ফুটবলাররাও সমান দায়ী। ক্লাবের এক ফুটবলার সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের অনুভূতি হচ্ছে আমরা সবাই মিলে পরিস্থিতি ঠিক করতে চাই। খেলোয়াড়, স্টাফ, সবাই।’ তবে কোনো কোনো সাবেক ক্লাব কর্মকর্তার মতে, টানা বাজে পারফরম্যান্স ও শৃঙ্খলাভঙ্গের পর ক্যারিককে বহাল রাখা একটি বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।

বিবিসিকে ক্লাব সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বিরতির আগে চেলসি, রোমা ও অ্যাস্টন ভিলার বিপক্ষে তিনটি হাইভোল্টেজ ম্যাচই ক্যারিকের শেষ পরীক্ষা। এই তিন ম্যাচে আশানুরূপ ফল না এলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই নতুন কোচের সন্ধান করতে পারে রেড ডেভিল প্রশাসন। বিকল্প হিসেবে এডি হাউ, ইউলিয়ান নাগেলসম্যান কিংবা আন্তোনিও কোন্তের মতো বড় নামগুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের রিক্রুটমেন্ট ও দলবদল নীতি নিয়ে পরিচালক জেসন উইলকক্সের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে আপাতত সমস্ত মনোযোগ চেলসি ম্যাচ ঘিরে। আগামী শনিবারের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্যারিকের মুখ থেকে কী বার্তা আসে, সেদিকেই এখন তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব।