রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী যাত্রীবাহী খান এন্টারপ্রাইজ নামে একটি বাস দ্রুতগতিতে এসে ড্রাম ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, ড্রাম ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজনসহ তিনজন মারা গেছেন। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
