চীনে নির্ভরশীল শিশুর চেয়ে বয়স্কের সংখ্যা বেশি

চীনে নির্ভরশীল শিশুর চেয়ে বয়স্কের সংখ্যা বেশি

ফন্ট সাইজ:

চীনের পরিবারগুলো প্রথমবারের মতো শিশুদের চেয়ে বয়স্কদের বেশি ভরণপোষণ দিচ্ছে। গত বছর কর্মক্ষম জনসংখ্যার তুলনায় নির্ভরশীল বয়স্কদের অনুপাত বেড়ে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। এটি শিশুদের অনুপাতকে (২২ শতাংশ) ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২২ কোটি ৩০ লাখের বেশি। এটি মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ। একই সময়ে ১৪ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ২১ কোটি ৩০ লাখ। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং অতীতের জন্মহারের কারণে সমাজ ধীরে ধীরে এই পরিস্থিতির দিকে এগোচ্ছে।

বিশ্লেষকদের মতে, বয়স্ক জনসংখ্যার এই বৃদ্ধির ফলে পেনশন ও স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ পড়বে। পাশাপাশি এটি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও সীমিত করতে পারে। এক-সন্তান নীতি, দ্রুত নগরায়ণ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং উচ্চশিক্ষার কারণে দেশটিতে জন্মহার তলানিতে ঠেকেছে। জন্মহার বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিলেও দম্পতিদের বেশি সন্তান নেয়ায় রাজি করানো কঠিন হয়ে পড়েছে। তবে এই পরিবর্তনের ফলে বয়স্ক ভোক্তাদের কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে বলে গ্লোবাল টাইমস উল্লেখ করেছে।