মস্কোয় অষ্টম গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ফাঁকে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে পৃথক বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে তারা আঞ্চলিক উত্তেজনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পুতিন জানান, তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। এ সময় পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া একটি বহুমেরু বিশ্ব গড়ার আহ্বান জানান। অন্যদিকে কাতারের আমিরের সঙ্গে আলোচনায় বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখার বিষয়ে জোর দেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে কাতারের মধ্যস্থতাকে তিনি স্বাগত জানান। কাতারের আমির জানান, এই উত্তেজনা হরমুজ প্রণালি ও জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। তিনি গাজার মানবিক পরিস্থিতি সমাধানেরও আহ্বান জানান।
