ইসরাইলের নির্বাচনে বুথফেরত জরিপের হিসাবে পরিবর্তন এসেছে। দেশটির টেলিভিশন চ্যানেল ১২-এর সর্বশেষ জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের চেয়ে এগিয়ে দেখানো হয়েছে।
সর্বশেষ জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট পেতে পারে ৫২টি আসন। অন্যদিকে, আইজেনকোটের জোট পেতে পারে ৪৯টি আসন।
এর আগে একই চ্যানেলের বুথফেরত জরিপে আইজেনকোটের জোটকে ৫২টি আসনে এগিয়ে দেখানো হয়েছিল।
তবে অন্য দুটি জরিপে দুই জোটের মধ্যে সমানে সমান লড়াইয়ের চিত্র উঠে এসেছে।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১ এবং চ্যানেল ১৩-এর বুথফেরত জরিপে উভয় জোটই ৫১টি করে আসন পেতে পারে বলে ধারণা দেয়া হয়েছে।
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন সংখ্যা ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। কিন্তু কোনো বুথফেরত জরিপেই নেতানিয়াহু বা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটকে একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি আসন পেতে দেখা যায়নি।
ফলে দেশটির নির্বাচনের চূড়ান্ত ফল এবং পরবর্তী সরকার গঠনের সমীকরণ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে।
রয়টার্স বলছে, বুথফেরত জরিপের হিসাব চূড়ান্ত ফলের সঙ্গে ভিন্ন হতে পারে। তাই কোন জোট শেষ পর্যন্ত কতটি আসন পাবে, তা নিশ্চিত হতে আনুষ্ঠানিক ফলের জন্য অপেক্ষা করতে হবে।
