বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের দাবি, দলটির সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে এসব খবর ছড়ানো হচ্ছে।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কিন্তু সম্প্রতি জামায়াতের সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, যিনি বা যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে প্রকাশ করা। তিনি বলেন, “আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে না।”
বিবৃতিতে তিনি আরও বলেন, যিনি বা যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে তার সন্দেহ রয়েছে।
জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের সঠিকতা যাচাই করে প্রমাণ সাপেক্ষে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান এডভোকেট জুবায়ের। একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
