নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের ৩ দিন পর আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের বড় পুকুর পাড় এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪শে অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে আজিম নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দিন ভোরে তার চাচাতো ভাই রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে সর্বশেষ যোগাযোগ হয়েছিল বলে জানা গেছে। সোমবার রাতে রফিকুলের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন পচা দুর্গন্ধ পান। পরে বাড়ির পাশের পুকুর এলাকায় খোঁজাখুঁজি করে ঝোপের মধ্যে আজিমের মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।