পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও একটি ব্যাংকের ক্রেডিট কার্ড খোয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। কার্যালয় সূত্র জানায়, চোরেরা কার্যালয়ের পেছনের ও সামনের বারান্দার গ্রিল এবং দরজার হ্যাজবল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে টাকা ও ক্রেডিট কার্ড নিয়ে যায়। নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, সোমবার রাত ১টার দিকে তিনি দোতলায় ঘুমিয়ে পড়েন।

সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা। আলামত সংগ্রহে ময়মনসিংহ থেকে সিআইডি’র ক্রাইম সিন দল ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ জানান, সরকারি কোনো কাগজপত্র খোয়া যায়নি। তবে কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা আগে থেকেই অচল থাকায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।