সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্য কারাগারে

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও সাম্প্রদায়িক উস্কনিমূলক পোস্ট দেয়ার অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্য কৃপেশ চন্দ্র রায়কে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। তবে অভিযুক্ত কৃপেশ রায়ের দাবি, কৎরঢ়ধংয জধু নামের ফেসবুক আইডিটি তার নয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কৃপেশ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। তিনি সিলেট মহানগর পুলিশে কর্মরত ছিলেন। কর্মস্থলে যোগ না দেয়ায় সম্প্রতি তিনি চাকরিচ্যুত হন বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, গত রোববার সকাল ৯টার দিকে কৎরঢ়ধংয জধু নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট প্রচার করা হয়।

এতে কৃপেশের নাম ও ছবি ব্যবহার করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও লোকজন তার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং ঘটনার বিচার দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাহিরপুর থানার ওসিসহ স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত মুসল্লি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশ কৃপেশকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কৃপেশ রায়ের দাবি, সংশ্লিষ্ট ফেসবুক আইডিটি তার নয়। তার কাকাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ও তার স্ত্রী-সন্তানের ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট দিয়ে তাকে ফাঁসিয়ে থাকতে পারে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ২৫শে অক্টোবর তিনি তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্থানীয় মুসল্লিরা বলেন, পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফেসবুক আইডিটির প্রকৃত মালিক ও পরিচালনাকারীকে শনাক্ত করা। অন্যথায় এ ঘটনাকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাহিরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোনো সুযোগ নেই।

যিনি অপরাধ করেছেন তার বিচার প্রচলিত আইনেই হবে। তিনি এ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘরে হামলা না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল মানবজমিনকে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ আইডিটির প্রকৃত পরিচয় ও এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে। তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, কৃপেশ রায়ের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।