আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে আমতলী থানাধীন শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মো. জসিম উদ্দিন সিকদারসহ সঙ্গীয় ফোর্স ওই অভিযানে অংশ নেন। অভিযানকালে মো. আমিনুর ওরফে আকাশ (২৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আকাশ আমতলী পৌরসভার দক্ষিণ-পশ্চিম আমতলীর মো. মোতাহার হাওলাদার এর ছেলে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।