ব্রাহ্মণবাড়িয়ার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে বইপড়া কর্মসূচিতে। বইপড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার, নৈতিক মূল্যবোধ বিকাশ ও সৃজনশীল চিন্তার চর্চাকে উৎসাহিত করতে গত ৪ঠা আগস্ট জেলায় বইপড়া কর্মসূচি শুরু হয়। যার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বুধবার। ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা এবং একটি জ্ঞানভিত্তিক, মননশীল ও আলোকিত প্রজন্ম গড়ে তোলাই হচ্ছে এ কর্মসূচির মূল উদ্দেশ্য। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৯ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রাথমিক পর্যায়ে জেলার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
পরের ধাপে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও বাছাই শেষে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ১৩৫ জন শিক্ষার্থী নির্বাচিত হন। প্রতিযোগিতায় বাংলা সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান, জীবনী, শিশু-কিশোর সাহিত্য ও নৈতিক শিক্ষাবিষয়ক নির্বাচিত বইকে গুরুত্ব দেয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বই, ক্রেস্ট ও অন্যান্য স্বীকৃতি প্রদান করা হবে। এ ছাড়া জেলা পর্যায়ে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হবে। বৃহৎ এই আয়োজনের পুরস্কার বিতরণ আগামী ৩১শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব, সহকারী কমিশনার মো. শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খান সাদাত উপস্থিত ছিলেন।
