সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও সক্ষম দিনাজপুর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু দিনাজপুর-৬ আসন নয়, পুরো দিনাজপুর জেলাকে বাংলাদেশের মধ্যে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, রাজনীতি শুধু মানুষকে ঘৃণা করা কিংবা বিভাজন সৃষ্টির জন্য নয়; রাজনীতি হতে হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য। মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের উদ্যোগে এ চাকরি মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ চাকরিমেলায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।
এতে ৭০টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রার্থীদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তুলে ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দিনাজপুরের রয়েছে গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য। দিনাজপুরের হাজী দানেশ থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম ও বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
