জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ উচিত শিক্ষা দেবে। তাদের দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে। দুলু বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশ অশান্ত করতে, অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে। বিরোধীদলের উদ্দেশ্যে দুলু বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়েই আন্দোলন শুরু করছে। আওয়ামী লীগ এই আন্দোলনে সুযোগ নিতে পারে। আন্দোলনে গিয়ে তারা দেশকে অস্থির করে তোলার অপচেষ্টা করবে। দুলু বলেন, জনগণ আমাদের ৫ বছরের জন্য ভোট দিয়েছে, আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করি, এরপর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দেবে। আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগণ আপনাদের ভোট দেবে।
অযথা আন্দোলন সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দিবেন না। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ। অনুষ্ঠানে দুলু আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দুর্বলতা ভেবে হাসিনা আসবে আসবে বলে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে তারা কোনো বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেয়া হবে।
