রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে দুখু মিয়া ওরফে মারুফ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী থানার ধলপুল এলাকার ময়লার গাড়ির গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল ফ্যাক্টরিতে কাজ করতেন। নিহতের স্ত্রী মিম বলেন, আমার স্বামী সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল ফ্যাক্টরিতে কাজ করতেন। সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফিরছিলেন। পথে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি বলেন, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা কী কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করলো সে বিষয়টি বলতে পারছি না।
এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
