একটি রাজনৈতিক দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে

একটি রাজনৈতিক দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে

ফন্ট সাইজ:

একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে অপপ্রচার ছড়াচ্ছে এবং জালভোটের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মাহদী আমিন বলেন, গত ২২শে জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার উৎসবমুখর এই সময়ে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন, বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও জরিপের ফলাফল, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠপর্যায়ের বাস্তবতা মিলিয়ে স্পষ্ট হয়েছে, জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়েই রয়েছে। সারা দেশে বিএনপি’র পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট দল ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে; সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জালভোটের প্রস্তুতিও দেখা যাচ্ছে।
মাহদী আমিন বলেন, যারা সারাক্ষণ সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের বয়ান তৈরি করেন, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক। এই বিষয়ে খোদ দলীয় প্রধানের আসন ঢাকা-১৫তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তারা সেই প্রচারণাতেই মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। এটি অত্যন্ত পীড়াদায়ক যে, স্বয়ং ওই দলীয় প্রধানের আসনেই টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে, তাহলে চিন্তা করুন দেশব্যাপী ওই দলটি কী করছে? যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই যদি ভোটের মাঠে, দুর্নীতির মাধ্যমে, টাকা ছড়িয়ে, দলীয় প্রধানের আসনসহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায় তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কী হতে পারে?
এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। খুলনা-১ আসনেও সেই দলের প্রার্থী ভোটারদের মাঝে নিজ হাতে টাকা বিলাচ্ছেন যা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কুমিল্লা-১৪ আসন এবং বগুড়া-৪ আসনে একটি রাজনৈতিক দল সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে অভিযোগ করে মাহদী আমিন বলেন, আমরা জানতে পেরেছি, সেই দলের একজন শীর্ষ নেতার আসন, কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে ওই দলের সন্ত্রাসীরা রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ছাড়া বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতামাঝ গ্রামে সোমবার রাতে উক্ত দলের সাজাপ্রাপ্ত ও চিহ্নিত সন্ত্রাসী কর্মীদের দ্বারা স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দের ওপর হামলা চালানো হয়। এতে অনেকেই গুরুতর আহত হন এবং তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। যা জনমনে চরম ভীতির সৃষ্টি করেছে। আমরা এই ধরনের প্রতিটি ঘটনায়, অতিদ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

তিনি বলেন, বিএনপি’র অবশ্যম্ভাবী বিজয় নস্যাৎ করতে যত অপপ্রচার, ষড়যন্ত্র, অর্থনৈতিক লেনদেন ও সহিংসতাই করা হোক না কেন, গণতন্ত্রকামী জনগণ তা রুখে দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।
এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, আমরা প্রত্যাশা করি, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তবে আমরা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকের ওপর আস্থা রাখতে চাই। আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দল যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে নির্বাচনে সহিংসতা থেকে শান্তিপূর্ণভাবে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটি, সবাই মিলে শান্তিপূর্ণ পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে।

নির্বাচনে ভোট নিয়ে আপনারা কী ভাবছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশাবাদী জনগণ এখানে স্বাভাবিকভাবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান। দীর্ঘ প্রায় ১৮ বছর মানুষ ভোট দিতে পারেন নাই। প্রত্যেকের মধ্যে একটি উৎসবমুখর অবস্থা রয়েছে। সহিংসতা না শান্তিপূর্ণ পরিবেশ থাকবে সেটি আমাদের প্রত্যাশা। বিএনপি সব চাইতে বড় রাজনৈতিক দল হিসেবে যেন ইতিবাচক পরিবেশ থাকে এবং সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো যেন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যার যার জায়গা থেকে ভূমিকা রাখবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন